রাজশাহীতে আবদুল বারী (৪০) নামের এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর আগে পেট্রোল বোমা মেরে তার দোকানটি পুড়িয়ে দেওয়া হয়। টাকা ভাঙিয়ে না দেওয়ার জেরে শনিবার রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার পরে শহরের চন্ডিপুর এলাকার কিছু বখাটে বাকির মোড় এলাকায় মাদকসেবন করতে আসে। তারা টাকা ভাঙাতে বারীর দোকানে গিয়েছিল। বারী জানিয়েছিলেন, টাকা ভাঙতি হবে না। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিও হয়। এর জেরে রাত পৌনে ২টার দিকে ৫০-৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র এবং পেট্রোল বোমা নিয়ে এসে অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা প্রথমে বারীর বাড়ির সামনে থাকা মুদি দোকানের শাটারের তালা ভাঙে। এরপর পেট্রোল বোমা মেরে দোকানটিতে আগুন ধরিয়ে দেয়। এ অবস্থা দেখে বারীসহ তার পরিবারের লোকজন বেরিয়ে আসেন। তখন বারীকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়। এরপর হামলাকারীরা চলে গেলে বারীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বারীকে মৃত ঘোষণা করেন। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রবিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ওসি জানান, নিহত মুদি দোকানির লাশ রামেক হাসপাতালের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Subscribe to stay up-to-date on all the latest news
0 Comments
Your Comment