খুবির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন সূচি প্রকাশ
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ৪ ও ৫ ফেব্রুয়ারি দুই দিনে চারটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ ফেব্রুয়ারি ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের আওতায় রয়েছে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনগুলো। আর ‘বি’ ইউনিটের অধীনে পরীক্ষা হবে জীববিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনগুলোর।
পরদিন ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা। ‘সি’ ইউনিটের আওতায় রয়েছে কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা স্কুলের ডিসিপ্লিনগুলো। অন্যদিকে ‘ডি’ ইউনিটের অধীনে রয়েছে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিসিপ্লিনগুলো।
ভর্তি পরীক্ষার আবেদনপদ্ধতি, আবেদনের যোগ্যতা, সময়সূচি ও ভর্তি প্রক্রিয়ার বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।