আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দল অংশ নিলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি তারা বয়কট করবে। এ নিয়ে গতকাল থেকে ক্রিকেট বিশ্বে তোলপাড় চলছে। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পাকিস্তান সরকার জানায়, আগামী ১৫ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে তাদের দল ‘মাঠে নামবে না’। তবে কেন এমন সিদ্ধান্ত, তার কোনো স্পষ্ট কারণ জানানো হয়নি। তবে ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলবে পাকিস্তান। এর কয়েক ঘণ্টা পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তান যদি বিশ্বকাপে বেছে বেছে কিছু ম্যাচে অংশ নেয়। তবে সেটি টুর্নামেন্টের মূল চেতনা ও মর্যাদাকে ক্ষুণ্ন করবে। তারা পাকিস্তান সরকারের সিদ্ধান্তের কথা শুনেছে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় আছে। এ বিষয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির অবস্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে সংস্থাটির সহসভাপতি রাজীব শুক্লা বলেছেন, এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনার আগে ভারতীয় বোর্ড আর কোনো মন্তব্য করবে না। ভারতীয় গণমাধ্যমে রাজীব শুক্লা বলেন, আইসিসি একটি বড় বিবৃতি দিয়েছে। তারা খেলোয়াড়সুলভ আচরণের কথা বলেছে। আমরা আইসিসির সঙ্গে পুরোপুরি একমত। আইসিসির সঙ্গে কথা না হওয়া পর্যন্ত বিসিসিআই এ বিষয়ে কোনো মন্তব্য করবে না।
0 Comments
Your Comment