লিটন দাসের ৯ হাজার রান

আয়ারল্যান্ডের পর পাকিস্তানের বিপক্ষে তিন অঙ্কের জাদুকরী ইনিংস। ঘরের মাঠে তিন টেস্টে দুই সেঞ্চুরির ছন্দ নিয়ে অস্ট্রেলিয়ায় উড়ে যান লিটন দাস। ডারউইনের পর ম্যাকেইতে দেখলেন মুদ্রার উল্টো পিঠ। আকাশ থেকে শূন্যে পতন! দুই টেস্টের তিন ইনিংসে শূন্য। সমালোচনার তীর্যকবাণে এফোঁর-ওফোঁর দেশের অন্যতম সেরা ব্যাটার। এরপর আবুধাবিতে খেলছেন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। আবু জায়েদ স্টেডিয়ামে গরমে কাবু না হয়ে উল্টো জয় করেন। ব্যাটিংয়ে দাপুটে প্রত্যাবর্তন। প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি। ১১৭ বলে ১৪ চারে সাজানো ১০২ রানের ইনিংসটি অবশ্য একেবারে নিচ্ছিদ্র ছিল না। ১৪ ও ২৬ রানে দুবার জীবন পেয়েছেন লিটন। সেঞ্চুরিটি তার ৫৭ টেস্ট ক্যারিয়ারের ৭ নম্বর। টেস্ট, ওয়ানডে ও টি-২০ মিলিয়ে আন্তর্জাতিক ৯ হাজারি ক্লাবে নাম লিখেছেন। সাদা পোশাক ও লাল বলে ৫৭ টেস্টে রান ৩৫১১। ১০৪ ওয়ানডেতে রান ২৮৬৯ ও ১২৪ টি-২০ ম্যাচে রান ২৭০৪। সব মিলিয়ে ৩৮৫ ম্যাচে তার মোট রান ৯ হাজার ৮৪। সেঞ্চুরি ১২টি এবং হাফ সেঞ্চুরি ৫০টি। লিটনের সেঞ্চুরিতে আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিপক্ষে চালকের আসনে বসেছে বাংলাদেশ।


0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news