চট্টগ্রাম কাস্টমসের কায়িক পরীক্ষার ১৪ নির্দেশনা প্রত্যাহার
চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে পণ্যের কায়িক পরীক্ষার জন্য জারি করা ১৪টি নির্দেশনা প্রত্যাহার করা হচ্ছে। বুধবার বিকালে (২৫ নভেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউসে পোর্ট ইউজার্স ফোরামের প্রতিনিধিদের সাথে আলোচনার পর কাস্টম হাউসের কমিশনার মুহাম্মদ মাহবুবুর রহমান এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
চট্টগ্রাম চেম্বারের সচিবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আলোচনাকালে পোর্ট ইউজার্স ফোরামের প্রতিনিধিরা বলেন, চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃক সম্প্রতি আমদানিকৃত পণ্যচালানের কায়িক পরীক্ষণের ক্ষেত্রে আবশ্যিকভাবে পালনীয় ১৪টি নির্দেশনা সংবলিত যে অফিস আদেশ জারি করা হয়েছে তা ব্যবসায়ীমহলে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
তারা আরও বলেন, কায়িক পরীক্ষণের ক্ষেত্রে এই ধরনের নির্দেশনা একদিকে পণ্যের শুল্কায়ন ও খালাস প্রক্রিয়াকে যেমন দীর্ঘায়িত করবে তেমনি এতে করে অনাকাঙ্ক্ষিত ডেমারেজ ও অন্যান্য অতিরিক্ত মাশুল প্রদান করতে হবে। ব্যবসায়ীদের কস্ট অব ডুয়িং বিজনেস অনেক বাড়িয়ে দিবে।
সভায় বন্দর ব্যবহারকারীদের দাবি বিবেচনায় নিয়ে কায়িক পরীক্ষণ সংক্রান্ত সম্প্রতি জারি করা নির্দেশনাটি প্রত্যাহার করার বিষয়ে কাস্টমস কমিশনার সিদ্ধান্ত প্রদান করেন এবং একই সঙ্গে কাস্টমস কর্মকর্তাদের জন্য এ বিষয়ে একটি অভ্যন্তরীণ আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় চট্টগ্রাম চেম্বার ও পোর্ট ইউজার্স ফোরামের পক্ষে এ এম মাহবুব চৌধুরী, কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলমসহ চট্টগ্রাম কাস্টমস হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন জানান, ফলপ্রসূ আলোচনা হয়েছে। ব্যবসায়ীদের দাবিগুলো ইতিবাচকভাবে দেখার সিদ্ধান্ত হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।