হবিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা চাল জব্দ, আটক ৩
হবিগঞ্জে অবৈধভাবে পাচারের সময় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ সময় চাল পরিবহনে ব্যবহৃত তিনটি টমটম ইজিবাইকসহ তিন চালককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের আনোয়ারপুর পয়েন্ট থেকে চালগুলো জব্দ করা হয়। শুক্রবার দুপুরে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামের হাজী মোহাম্মদ সবুজ মিয়ার ছেলে মো. ইমন মিয়া, একই গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. আল আমিন মিয়া এবং ছোট বহুল গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো. ইব্রাহীম মিয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল পাচারের খবর পেয়ে আনোয়ারপুর পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় তিনটি টমটম ইজিবাইকে করে সরকারি বস্তায় ভরা চাল নিয়ে যাওয়ার সময় ৫৮ বস্তা চালসহ তিন চালককে আটক করা হয়। পরে জব্দ করা চাল ও আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়।
হবিগঞ্জ সদর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনধন চন্দ্র দাস জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মহিবুর রহমানকে খোঁজ নিতে সংশ্লিষ্ট ডিলারের দোকানে পাঠানো হয়। তিনি ডিলারের রেজিস্টার পরীক্ষা করে চালের মজুত সঠিক রয়েছে বলে জানান।
এ বিষয়ে রিচি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এমদাদুল হক হিরো বলেন, সরকারি নিয়ম অনুযায়ী তিনি ভোক্তাদের মধ্যে সঠিকভাবে চাল বিতরণ করেছেন। এরপর ভোক্তারা সেই চাল কী করেছেন, তা তার জানা নেই। সরকারের কাছ থেকে পাওয়া চাল বিক্রির কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা চাল পাচারের সময় তিনটি ইজিবাইকসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ চক্রের মূল হোতাকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।