আইসিসিবিতে জমজমাট তিন মেলা ও প্রদর্শনী
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে তিন আন্তর্জাতিক প্রদর্শনী। পরিবেশবান্ধব পরিবহন, আধুনিক চিকিৎসাপ্রযুক্তি এবং দেশবিদেশে উচ্চশিক্ষার সম্ভাবনা নিয়ে আয়োজিত এসব মেলায় অংশ নিচ্ছে দেশিবিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান। গতকাল ছুটির দিন থাকায় উপচে পড়া ভিড় দেখা যায়। আজ এসব প্রদর্শনীর শেষ দিন।
স্বাস্থ্যসেবা ও মেডিকেল সরঞ্জামশিল্পের আধুনিক প্রযুক্তি তুলে ধরতে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে চলছে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিকেল এক্সপো (বিআইএমইএক্স) ২০২৬’-এর তৃতীয় আসর। এতে দেশিবিদেশি প্রতিষ্ঠানের আধুনিক চিকিৎসা সরঞ্জাম, ডায়াগনস্টিক ও ল্যাবরেটরি প্রযুক্তি, ফিজিওথেরাপি সমাধান এবং মেডিকেল ডিসপোজেবলস প্রদর্শন হচ্ছে। পাশাপাশি রয়েছে আন্তর্জাতিক বি-টু-বি ও বি-টু-জি বৈঠক এবং সেমিনার।
পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা ও নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটাতে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে আইসিসিবিতে চলছে ‘বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকেল অ্যান্ড মোবিলিটি এক্সপো ২০২৬’-এর তৃতীয় আসর। প্রদর্শনীতে দেশিবিদেশি প্রতিষ্ঠানের তৈরি ইলেকট্রিক গাড়ি, বাইক, স্কুটার, বাস, চার্জিং অবকাঠামো, ব্যাটারি প্রযুক্তিসহ সোলার, উইন্ড ও হাইড্রোজেনভিত্তিক জ্বালানি সমাধান প্রদর্শন করা হচ্ছে।
এ ছাড়া বিদেশে উচ্চশিক্ষা, বৃত্তি ও ভর্তির তথ্য নিয়ে এক ছাদে চলছে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপোর ৬৫তম আসর। ফেয়ার কনভেনর ইন্টারন্যাশনাল আয়োজিত এ মেলায় শতাধিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান, দেশিবিদেশি বিশ্ববিদ্যালয় ও ভাষা প্রশিক্ষণ কেন্দ্র অংশ নিয়েছে।
মেলায় উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ও অভিভাবকরা বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের কোর্স, টিউশন ফি, বৃত্তি, শিক্ষার্থী ভিসা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের বিষয়ে সরাসরি পরামর্শ নেওয়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি একাধিক প্রতিষ্ঠানের তথ্য তুলনা করে নিজেদের সামর্থ্য ও পছন্দ অনুযায়ী উচ্চশিক্ষার পরিকল্পনা সাজানোর সুযোগ মিলছে এ আয়োজনে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।