আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত
সংযুক্ত আরব আমিরাতে দুটি আলাদা সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহতরা হলেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বায়েজিদ রায়হান (২৭) ও চট্টগ্রামের বোয়ালখালীর সাইফুদ্দিন সিকদার মহসিন (৪৯)।
পুলিশ ও প্রবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ফুজাইরাহ-খোরফাক্কান সড়কের আল ফৌজ এলাকায় বায়েজিদ রায়হান পণ্য সরবরাহের কাজ করছিলেন। ডেলিভারি মোটরসাইকেলটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বায়েজিদ পাঁচ বছর আগে আরব আমিরাতে আসেন।
এর ঠিক আগের দিন বৃহস্পতিবার দুপুরে শারজার আল খোয়াজামিয়া শিল্প এলাকায় আরেকটি দুর্ঘটনায় প্রাণ হারান বোয়ালখালীর মহসিন। পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাওয়ার সময় পেছন থেকে একটি লরি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে আল কাসিমি হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল বলে জানিয়েছেন বড় ভাই রেজাউল করিম সিকদার। মহসিন মাত্র ২ বছর আগে আরব আমিরাতে গিয়েছিলেন। তার বাড়ি বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নে।
দুই প্রবাসীর মৃত্যুতে তাদের গ্রামের বাড়িসহ আমিরাতে বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বর্তমানে দুজনের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পুলিশি আনুষ্ঠানিকতা ও দূতাবাসের প্রক্রিয়া শেষে মরদেহ দুটি দেশে পাঠানো হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।