বোরকা পরে ভূমি অফিসে ঢাকার ডিসি

ভূমি অফিসে সাধারণ মানুষের ভোগান্তি ও সেবার বাস্তব চিত্র যাচাই করতে বোরকা পরে ছদ্মবেশে আকস্মিক পরিদর্শন করেছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) মিজ ফরিদা খানম। পরিচয় গোপন রেখে সাধারণ একজন সেবাগ্রহীতার মতো দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পুরো সেবা প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি। রাজধানীর উত্তরখান ইউনিয়ন ভূমি অফিসে গতকাল এ ঘটনা ঘটে। প্রতিদিনের মতো গতকালও অফিসে জমির নামজারি ও পেন্ডিং আবেদনের খোঁজ নিতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল। ঠিক তখনই বোরকা পরে নীরবে সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়ান ডিসি ফরিদা খানম। পরিচয় জানতে চাইলে নিজেকে সাধারণ সেবাগ্রহীতা হিসেবে পরিচয় দেন। দীর্ঘক্ষণ সেখানে অবস্থান করে সাধারণ মানুষের অভিযোগ সরাসরি শোনেন তিনি। পরে তাঁর আসল পরিচয় প্রকাশ পেলে উপস্থিত সেবাগ্রহীতা ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চমক সৃষ্টি হয়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কাগুজে প্রতিবেদনের বাইরে এসে মাঠপর্যায়ে নাগরিকরা কোনো ধরনের হয়রানি, বিলম্ব বা অনিয়মের শিকার হচ্ছেন কি না, তা নিজের চোখে পরখ করাই ছিল এই পরিদর্শনের উদ্দেশ্য। পরিদর্শনকালে সেবা নিতে আসা মানুষদের প্রতি কর্মকর্তা-কর্মচারীদের আচরণ কেমন এবং দাপ্তরিক প্রক্রিয়াগুলো কতটা সহজ-তা গভীরভাবে পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের কড়া নির্দেশনা দিয়ে ডিসি ফরিদা খানম বলেন, সাধারণ মানুষকে দ্রুত ও নির্বিঘ্নে ভূমিসেবা দিতে হবে। সেবা নিতে এসে কোনো নাগরিক যেন অহেতুক ভোগান্তি বা দীর্ঘসূত্রতার শিকার না হন, তা নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।


জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, দাপ্তরিক ফাইলের চেয়ে সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে সরাসরি অভিজ্ঞতা নেওয়া মাঠ প্রশাসনের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে। শীর্ষ কর্মকর্তার এমন ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মাঝেও ইতিবাচক সাড়া ফেলেছে।

0 Comments

Your Comment