দুই টাকায় ভরপেট খাবার

সুরমা নদীর তীরে সারিবদ্ধভাবে বসেছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। সামনে সাজানো ভাত, তরকারি ও অন্যান্য খাবার। স্বেচ্ছাসেবীদের ব্যস্ততা—কে কী চান, সেদিকেই যেন সবার নজর। খাবার শেষে তৃপ্তি নিয়ে টেবিল ছাড়ছেন তাঁরা। অথচ ভরপেট এই খাবারের জন্য প্রত্যেকের খরচ হয়েছে মাত্র দুই টাকা। সিলেটের সুরমা নদীর উত্তরপাড়ে কিনব্রিজের নিচে আজ শনিবার এমনই মানবিক আয়োজন দেখা গেছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিঃস্বার্থ পরিবার’ দুই ধাপে শতাধিক শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের জন্য আয়োজন করে দুই টাকার দুপুরের খাবার। প্রচণ্ড গরমের মধ্যে ক্ষুধার্ত এসব মানুষের কাছে স্বল্পমূল্যের এই খাবার যেন এনে দেয় স্বস্তি। আয়োজকদের কাছ থেকে ভরপেট খাবার পেয়ে আনন্দ প্রকাশ করেন শ্রমজীবী মানুষগুলো। তাঁদের মতে, সমাজের অন্যান্য সংগঠন ও বিত্তবানরা এগিয়ে এলে অসহায় মানুষের অন্তত একবেলা খাবারের চিন্তা কিছুটা হলেও কমবে। ‘নিঃস্বার্থ পরিবার’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মুক্তাদীর কামালী দুর্জয় জানান, ২০১৮ সালের জানুয়ারি থেকে সংগঠনটি বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শুরুতে সুবিধাবঞ্চিত শিশুদের দুই টাকায় ঈদ ও শীতের পোশাক দেওয়ার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। সম্প্রতি সংগঠনটি নতুন উদ্যোগ হিসেবে দুই টাকায় দুপুরের খাবার বিতরণ শুরু করেছে। বর্তমানে মাসে একবার এই আয়োজন করা হচ্ছে। তবে মানুষের সহযোগিতা ও হৃদয়বান ব্যক্তিদের আর্থিক সহায়তা পেলে প্রতিদিনই এমন খাবারের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা।

0 Comments

Your Comment