BD Highlights
বাংলাদেশ

মালয়েশিয়ায় পাচারকালে কক্সবাজার সৈকতে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার

মালয়েশিয়ায় পাচারকালে কক্সবাজার সৈকতে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ভেসে আসা একটি ট্রলার থেকে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে ট্রলারটি ভিড়লে স্থানীয়দের খবরে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন। তবে এ সময় ট্রলারে থাকা পাচারকারীরা পালিয়ে যায়।


এই ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একটি শিশু, দুইজন নারী ও ২৫ জন পুরুষ রয়েছেন। তবে ট্রলারে থাকা অন্য যাত্রীদের অনেকেই বিভিন্ন দিকে পালিয়ে গেছেন বলে দাবি করেছেন উদ্ধার হওয়া লোকজন। ধারণা করা হচ্ছে, মালয়েশিয়া যাত্রার স্বপ্ন দেখা এই মানুষগুলো টানা ৮ দিন সাগরে ভেসেছেন।


ভুক্তভোগীদের অভিযোগ, মালয়েশিয়া নেওয়ার কথা বলে তাদের ট্রলারে তোলা হলেও মাঝপথে পাচারকারী চক্রের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে ট্রলারটি লাবণী পয়েন্টে নিয়ে তীরে ভিড়িয়ে দিয়ে তারা পালিয়ে গেছেন।


সংশ্লিষ্টদের মতে, গত ১২ নভেম্বর টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট মাছ ধরার নৌকায় যাত্রীদের সাগরে অবস্থানরত একটি বড় ট্রলারে তুলে দেওয়া হয়। এরপর থেকে মালয়েশিয়াগামী ৭২ জন যাত্রী ওই ট্রলারে অবস্থান করছিলেন। তাঁদের মধ্যে নারী ও শিশুও ছিল।


উদ্ধার হওয়া টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস জানান, ১২ নভেম্বর মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট নৌকায় করে তাঁদের সাগরে থাকা বড় ট্রলারে তুলে দেওয়া হয়। এরপর টানা কয়েকদিন সাগরে ভাসমান অবস্থায় থাকতে হয় তাঁদের। এ সময় ট্রলারে থাকা ১৭ জন মাঝিমাল্লা ও দালাল চক্রের সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও কথা-কাটাকাটি শুরু হয়।


তিনি জানান, একপর্যায়ে বিরোধের জেরে ট্রলারটি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের কাছে নিয়ে তীরে ভেড়ানো হয়। পরে পাচারকারী চক্রের সদস্যরা দ্রুত ট্রলার থেকে নেমে পালিয়ে যান। ওই সময় ট্রলারে থাকা দুজনকে আটকে রেখে বেঁধে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।


ইলিয়াস জানান, ট্রলারে মোট ৭২ জন নারী, পুরুষ ও শিশু ছিলেন। তাদের মধ্যে পুলিশ ২৮ জনকে উদ্ধার করেছে। অন্যদিকে, ট্রলার থেকে নেমে অনেকে বিভিন্ন দিকে চলে যান।


এদিকে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে আব্দুল আমিনের (৪১) বিরুদ্ধে মানবপাচার, অপহরণ ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. হাসিনার পাসপোর্ট-এনআইডির চিঠিতে জাল স্বাক্ষর

  2. ফের পুরস্কার পেলেন নাজিফা তুষি

  3. যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কতা

  4. সাতসকালে গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

  5. স্বর্ণের দামে বড় পতনের পর আজকের ভরি কত

খবর খুঁজুন