ফের পুরস্কার পেলেন নাজিফা তুষি
ঢাকাই সিনেমার চলতি সময়ের অভিনেত্রী নাজিফা তুষি। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে একের পর এক স্বীকৃতি পাচ্ছেন তিনি। এবার মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য ২০২৬ সালের এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসবের ১২তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এই উৎসবে ‘স্নো লেপার্ড’ পুরস্কার অর্জন করেছেন তুষি। এশিয়ার চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শক ও হলিউডের চলচ্চিত্র অঙ্গনের সামনে তুলে ধরার লক্ষ্যে এই আয়োজন। এই উৎসবের অন্যতম আকর্ষণ স্নো লেপার্ড পুরস্কার। এর আগে এই সম্মাননা পেয়েছেন ভুটানের ট্যান্ডিন বিদ্যা, লেবাননের ডায়মন্ড বু আবুদ এবং সিঙ্গাপুরের হুই ফাং হংয়ের মতো অভিনেত্রীরা। এবার সে তালিকায় যুক্ত হলো বাংলাদেশের নাজিফা তুষি। এ নিয়ে ‘রইদ’ সিনেমার জন্য দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেলেন তুষি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।