৫ মাস পর খুলল পাগলা মসজিদের দানবাক্স, চলছে গণনা
প্রায় ৫ মাস পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় দানবাক্সগুলোর তালা খোলা হয়। এ সময় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামসহ জেলা প্রশাসন ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দানবাক্স থেকে পাওয়া টাকা বস্তায় ভরার কাজ চলছিল। সব দানবাক্সের টাকা একত্র করার পর শুরু হবে গণনা।
গণনা কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মসজিদ এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে সর্বশেষ গত ২৭ জুন দানবাক্সগুলো খোলা হয়েছিল। সেদিন ১৩টি সিন্দুক থেকে ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। গণনা শেষে দেশি মুদ্রায় পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া গিয়েছিল।
প্রায় আড়াইশ বছরের পুরোনো মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার নরসুন্দা নদীর তীরে তিন একর ৮৮ শতাংশ জমির ওপর অবস্থিত। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াক্ফ এস্টেটের অধীনে মসজিদটি পরিচালিত হয়ে আসছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।