হোটেলে বাসি খাবার, ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ
চট্টগ্রামে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং মেয়াদবিহীন ওষুধ বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার নগরীর কদমতলী ও দেওয়ানহাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে কদমতলী এলাকার সমতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রান্না করা বাসি খাবার, কাঁচা মাছ মাংসের সঙ্গে বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের প্রমাণ পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া, দেওয়ানহাট মোড়সংলগ্ন তাজ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, জয়শ্রী অটোমোবাইলস নামের প্রতিষ্ঠানে পরিচিত ব্র্যান্ডের নকল পণ্য উৎপাদন ও খুচরা বাজারে বাজারজাত করার তথ্য পাওয়া যায়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, নকল ব্র্যান্ডের পণ্য উৎপাদন ও বাজারজাত, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মেয়াদবিহীন ওষুধ বিক্রি জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। ভোক্তাদের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে এসব অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো প্রতিষ্ঠান ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।