ইলিশের বাণিজ্যে এবার দেখা গেছে ব্যতিক্রমী এক চিত্র। সাধারণত বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হলেও চলতি বছরে ভারত থেকে বাংলাদেশে ইলিশ এসেছে। গত দুই মাসে গুজরাট থেকে প্রায় ৫০০ টন ইলিশ বাংলাদেশে পাঠানো হয়েছে। আগামী কয়েক সপ্তাহে আরও ১৫০ থেকে ২০০ টন ইলিশ আসতে পারে বলে জানিয়েছেন ভারতের মাছ ব্যবসায়ীরা।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের হাওড়া পাইকারি মাছ আমদানিকারক সমিতির সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, ভারত থেকে বাংলাদেশে সাধারণত বোয়াল, রুই, পারশে ও ট্যাংরা মাছ যায়। তবে এ বছর ইলিশ পাঠানোর বিষয়টি ব্যতিক্রমী।
এসব ইলিশের বড় একটি অংশ গুজরাট থেকে সংগ্রহ করা হচ্ছে। সেখানকার ভরুচ বন্দর দিয়ে মাছের চালান বাংলাদেশে পাঠানো হচ্ছে। কিছু মাছ আবার হাওড়ার পাইকারি বাজার হয়ে বাংলাদেশে যাচ্ছে।
গুজরাটের ইলিশে ডিমের পরিমাণ তুলনামূলক বেশি এবং স্বাদে কিছুটা নোনতা হওয়ায় ভারতের স্থানীয় বাজারে এর চাহিদা সীমিত। তবে বাংলাদেশের কিছু অঞ্চলে ডিমভরা ইলিশের চাহিদা থাকায় এই মাছের বাজার তৈরি হয়েছে।
Subscribe to stay up-to-date on all the latest news
0 Comments
Your Comment