মেডিক্যাল ভর্তি পরীক্ষার আবেদন শুরু
২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আজ বুধবার সন্ধ্যা থেকে এর আবেদনও শুরু হয়েছে।
বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম সই করা এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক প্রণীত ‘২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জাতীয় নীতিমালা’ অনুযায়ী নির্ধারিত ছকে অনলাইনে (https://dgme.teletalk.com.bd) আবেদন আহ্বান করা হচ্ছে।’
বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ ২৫ নভেম্বর সন্ধ্যায় সাড়ে ৬টায় শুরু হওয়া অনলাইন আবেদন কার্যক্রম শেষ হবে ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। পরদিন একই সময় পর্যন্ত অনলাইনে আবেদন ফি জমা দেওয়া যাবে।
প্রবেশ পত্র ডাউনলোড করা যাবে ১৪ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত। আর হাজিরা সিট ডাউনলোড করা যাবে ১৫ থেকে ১৭ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১.১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর অভিন্ন প্রশ্নপত্রে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর আবেদন ফি ধরা হয়েছে এক হাজার টাকা, যা শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের যোগ্যতা
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ২০২৫ সাল অথবা ২০২৬ সালে এইচএসসি বা ‘এ’ লেভেল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২৩ সালের পূর্বে এসএসসি, ‘ও’ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। এ ছাড়া প্রার্থীকে এসএসসি, ‘ও’ লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে।
আবেদনের যোগ্যতায় আরও বলা হয়, এসএসসি, ‘ও’ লেভেল বা সমমান এবং এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ হতে হবে। এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় জীব বিজ্ঞান বিষয়ে জিপিএ ৩.৫০-এর কম থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।
এ ছাড়া পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য মোট আসনের শতকরা এক ভাগ (১%) সংরক্ষিত থাকবে; রাঙামাটি মেডিকেল কলেজে শতকরা ২৫ ভাগ আসন এই সংখ্যার অন্তর্ভুক্ত। পশ্চাৎপদ জনগোষ্ঠী অর্থাৎ সকল উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি, ‘ও’ লেভেল বা সমমান এবং এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষা দুটিতে মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে জিপিএ ৩.০০-এর কম থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।