মিস ইউনিভার্সে স্বপ্নভঙ্গ মাহির, সেরা ৩০-এ জায়গা পেলেন যাঁরা
মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। এর মধ্য দিয়ে এবারের আসরে শেষ হলো তাঁর মিস ইউনিভার্সের যাত্রা।
বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় শুরু হয়েছে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে অংশ নিয়েছেন ১১৬ জন প্রতিযোগী। তাঁদের মধ্য থেকে প্রাথমিক মূল্যায়ন শেষে ঘোষণা করা হয়েছে সেরা ৩০ প্রতিযোগীর নাম।
প্রতিযোগিতার পিপলস চয়েজ ভোটে সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ ছিল একজনের। গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও এই ভোটে এগিয়ে ছিলেন বাংলাদেশের সামিরা খান মাহি। তবে শেষ পর্যন্ত দর্শক ভোটে জয়ী হন ইকুয়েডরের প্রতিনিধি দালিয়া বুকারাম। ফলে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেন তিনি।
দর্শক ভোটের পাশাপাশি প্রতিযোগীদের সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্স মূল্যায়ন করে নির্বাচিত করা হয়েছে সেরা ৩০।
মিস ইউনিভার্স ২০২৬-এর সেরা ৩০ প্রতিযোগী
১. নিউজিল্যান্ড ২. চিলি ৩. ব্রাজিল ৪. ভারত ৫. নেদারল্যান্ডস ৬. টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ ৭. পেরু ৮. কিউবা ৯. সার্বিয়া ১০. ডমিনিকান রিপাবলিক ১১. কুরাসাও ১২. যুক্তরাষ্ট্র ১৩. ইসরায়েল ১৪. ইকুয়েডর ১৫. পুয়ের্তো রিকো ১৬. তানজানিয়া ১৭. মেক্সিকো ১৮. গিনি ১৯. কলম্বিয়া ২০. ইউক্রেন ২১. পানামা ২২. কোস্টারিকা ২৩. উগান্ডা ২৪. ফিলিপাইন ২৫. ফ্রান্স ২৬. ইথিওপিয়া ২৭. বেলজিয়াম ২৮. ভেনেজুয়েলা ২৯. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ৩০. নিকারাগুয়া
সেরা ৩০ প্রতিযোগী এবার অংশ নেবেন সুইমস্যুট পর্বে। সেখান থেকে নির্বাচিত হবেন সেরা ১২ জন। এরপর ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে।
সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় এবারের প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হলো বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহিকে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।